২০০৯ সালে মুক্তি পাওয়া বলিউডের বহুল জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’ দর্শকদের কাছে আজও সমানভাবে প্রিয়। রাজকুমার হিরানি পরিচালিত সেই ব্লকবাস্টারের সিক্যুয়েল এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্বের প্রস্তুতি চূড়ান্ত করেছেন। সিক্যুয়েলে কাস্টিংয়ে বড় কোনো পরিবর্তন নেই। আগের মতোই র্যাঞ্চোর ভূমিকায় থাকছেন আমির খান, আর পিয়া শাস্ত্রবুদ্ধির চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুর।
র্যাঞ্চোর বন্ধু রাজু রস্তোগি ও ফারহানের ভূমিকায় ফিরছেন শরমন যোশি এবং আর মাধবনও। বর্তমানে সিক্যুয়েলের চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
প্রথম ছবির শেষে বিয়ের আসর থেকে পালিয়ে র্যাঞ্চোর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পিয়া। সিক্যুয়েলের গল্প সেখান থেকেই শুরু হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা থাকলেও নিশ্চিত হওয়া গেছে তিন বন্ধু এবার নতুন এক অভিযানে যাবে এবং থাকছে রাজকুমার হিরানির স্বকীয় কৌতুকরস।
এই সিক্যুয়েলের কাজকে অগ্রাধিকার দিয়ে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজ আপাতত স্থগিত রেখেছেন হিরানি। বহুদিন আগেই পরিকল্পনা করা হলেও সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেছে, ২০২৬ সালেই বড় পর্দায় ফিরবে আমির,কারিনা, শরমন ও মাধবনের দল।