বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মধ্যপন্থি রাজনীতিক রদ্রিগো পাজ। এর মধ্য দিয়ে দেশটিতে প্রায় দুই দশকের বামপন্থি শাসনের অবসান ঘটল।
নির্বাচনী ট্রাইব্যুনালের প্রাথমিক ফল অনুযায়ী, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির সেনেটর পাজ রানঅফে ৫৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে সাবেক প্রেসিডেন্ট জর্জ ‘টুতো’ কিরোগাকে পরাজিত করেছেন।
তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার পরিচালনায় তাকে জোট গঠন করতে হবে। আগামী ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নতুন প্রেসিডেন্ট। বিজয়ের পর পাজ বলেন, “আমাদের অবশ্যই বিশ্বের কাছে বলিভিয়াকে খুলে দিতে হবে।”
৫৮ বছর বয়সী এ সেনেটরের জয়ে দেশটিতে এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন ঘটল। ২০০৬ সাল থেকে বলিভিয়া ছিল বামপন্থি ‘মুভমেন্ট ফর সোশালিজম’ (MAS) দলের শাসনে, যারা একসময় আদিবাসীদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেত।
পাজ প্রতিশ্রুতি দিয়েছেন, চলমান সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি বেসরকারি খাতনির্ভর উন্নয়নকে উৎসাহিত করবেন। এ নীতিই সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের দলের বহু ভোটারকে তার দিকে টেনেছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী কিরোগার কৃচ্ছ্রতাসাধনের পরিকল্পনা ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করেছিল যা পাজের জয়ে ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের মত।
অগাস্টে প্রথম দফার নির্বাচনে তীব্র অর্থনৈতিক সঙ্কটের কারণে MAS দলের প্রার্থীর ভরাডুবি হয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক গ্লায়েলডিজ গনজালেজ কালানচে বলেন, “এই নির্বাচন বলিভিয়ার রাজনীতিতে এক সন্ধিক্ষণ। দেশটি এখন নতুন পথে হাঁটছে।”