সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয়। হঠাৎ ভূকম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল। কিছু ঘরের জানালা ও সিলিং ফ্যান কেঁপে ওঠে। ভোরের নীরবতায় হঠাৎ এমন কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ফেসবুকে অনেকেই পোস্ট দিয়ে জানান, তারা ভূকম্পন অনুভব করেছেন। কেউ লিখেছেন, হঠাৎ ঘর দুলে উঠেছিল, আবার কেউ বলেন, দরজা নাড়ার মতো শব্দে ঘুম ভেঙে যায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় এবং ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগেও বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।