পাঁচ মাসের ফেসবুক প্রেম শেষ পর্যন্ত বিয়েতে গড়াল। চীনের হেনান প্রদেশের যুবক শি জিং ইউ (২৮) বাংলাদেশে এসে ধর্ম পরিবর্তন করে কুষ্টিয়ার কলেজছাত্রী বৃষ্টি আক্তারকে (২১) বিয়ে করেছেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে সোহান আহাম্মেদ।
বৃষ্টি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে এবং স্থানীয় একটি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে শি জিং ইউ ঢাকায় পৌঁছান এবং রোববার সকালে কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে যান। সেদিনই ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
সোমবার সকালে বৃষ্টির বাড়িতে গিয়ে দেখা যায়, বিদেশি জামাইকে একনজর দেখার জন্য ভিড় করেছেন এলাকাবাসী। হাসি-আনন্দে মাতোয়ারা পুরো পরিবার।
বৃষ্টি বলেন, “ফেসবুকে পরিচয়ের পর আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শি জিং ইউ বাংলাদেশে আসতে চাইলে আমি তাকে সম্মতি দিই। এরপর ধর্ম পরিবর্তন করে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে।”
তিনি আরও জানান, ভাষাগত সমস্যার কারণে অনুবাদ অ্যাপ ব্যবহার করে তাদের মধ্যে যোগাযোগ হতো। এমনকি শি জিং ইউয়ের পরিবারের সঙ্গেও তিনি কথা বলেছেন।
শি জিং ইউ জানান, তাদের পরিবারে মা-বাবাসহ পাঁচজন সদস্য। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। চাকরির পাশাপাশি তার বাবার একটি রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে।
বৃষ্টির বাবা মোতালেব মিস্ত্রি বলেন, “আমরা মেয়ে ও জামাইয়ের সিদ্ধান্তে খুশি। জামাইয়ের পরিবারের সঙ্গেও কথা বলেছি। যতটুকু জেনেছি, সে চাকরি করে, আরেক ভাই সেনাবাহিনীতে আছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো।”