মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে এসেছেন দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
গতকাল ৮ জুলাই রাতে বাংলাদেশে এসেছে ১০ সদস্যের এই প্রতিনিধি দলটি এবং আগামী ১১ জুলাই সফরে আসবেন দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো। বিষয়টি নিশ্চিত করেছেন মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. মো. ইকবাল মাহমুদ।
মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. মো. ইকবাল মাহমুদ জানান, “মাভাবিপ্রবি ও কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে চলমান একটি যৌথ শিক্ষা প্রকল্পের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।”
সফরকালীন সময়ে শিক্ষার্থীদের যাতে থাকার সমস্যা না হয় সেজন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থাকার ব্যবস্থা করেছে। প্রতিনিধি দলটি ১৪ জুলাই মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই সফরের কার্যক্রম শেষে আগামী ১৫ জুলাই তারা ঢাকা ত্যাগ করবেন।