আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনের অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলায় মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫০০টি কেন্দ্রকে বিভিন্ন মাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ১৯০টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং ৩১০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৪৮৩টি কেন্দ্রকে সাধারণ শ্রেণিভুক্ত করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান বলেন, “ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা বিশ্লেষণের ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের তুলনায় ২০ হাজার ১৫৬ জন বেশি। ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য জেলায় মোট ৫ হাজার ৪৭৮টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৩৩০টি অস্থায়ী।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ টিমও দায়িত্বে থাকবে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”