বেগম রোকেয়া দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রোকেয়ার রচনাবলী থেকে খণ্ডিত কিছু উদ্ধৃতি পোস্ট করে ওই মন্তব্য করেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত সাত দিনব্যাপি ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালার পঞ্চম দিনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, “বেগম রোকেয়াকে কাফির-মুরতাদ বলায় তীব্র নিন্দা জানাই। দেশে কোনো অন্ধকার কালো শক্তির উত্থান ঘটছে কি না সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্ট ‘ফ্যাসিবাদ থেকে মুক্তির’ পর নতুন ধরনের কালো শক্তির উত্থান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যারা ধর্মকে পুঁজি করে আধিপত্য বিস্তার করতে চায় তাদের মতো কালো শক্তিকে রুখে দিতে হবে।” তিনি দেশজুড়ে ধর্মীয় উগ্রতা ও বিভাজন সৃষ্টিকারী প্রচারণার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।