আইসিসির আহ্বান সত্ত্বেও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সৌজন্যতা দেখায়নি ভারত। গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান ম্যাচের টসের সময় দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাননি।
রোববার (১৪ ডিসেম্বর) আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসের সময় ভারত অধিনায়ক আয়ুশ এবং পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফের মধ্যে কোনো সৌজন্য বিনিময় দেখা যায়নি। টস জিতে পাকিস্তান ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। এ সময় দুই অধিনায়কের মধ্যে চোখাচোখিও হয়নি। টস শেষে দু’জনই আলাদা আলাদা করে প্রতিক্রিয়া জানিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।
এর আগে জাতীয় দল ও ‘এ’ দল পর্যায়ের ম্যাচগুলোতে ভারত–পাকিস্তান অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা একাধিকবার আলোচনায় আসে। চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে উত্তেজনার পর এশিয়া কাপে পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। একই চিত্র দেখা যায় নারী বিশ্বকাপে, যেখানে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর পাকিস্তানের ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টেও দুই দেশের ‘এ’ দলের অধিনায়করা একই অবস্থান নেন।
এ প্রেক্ষাপটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এ ধরনের ঘটনা এড়াতে চেয়েছিল আইসিসি। তিন দিন আগে ভারতীয় বার্তা সংস্থার খবরে জানানো হয়, জুনিয়র পর্যায়ের ক্রিকেটে রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকতে বিসিসিআইকে আহ্বান জানিয়েছে আইসিসি। বিসিসিআইয়ের এক কর্মকর্তা তখন বিষয়টিকে জনমতের দিক থেকেও নেতিবাচক বলে উল্লেখ করেছিলেন।
তবে শেষ পর্যন্ত আইসিসির সেই আহ্বানে সাড়া দেয়নি ভারত। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আবারও পুনরাবৃত্তি হলো ‘নো হ্যান্ডশেক’ ঘটনা।