শুল্ক ও বাণিজ্য চুক্তির বিষয়ে আজ বুধবার (৯ জুলাই) ওয়াশিংটনে বৈঠকে বসছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
বাংলাদেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও এ প্রতিনিধি দলে থাকবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ঢাকা ওয়াশিংটনের সাথে একটি বাণিজ্য চুক্তির দিকে তাকিয়ে আছে, যেটি আমরা আশা করি উভয় দেশের জন্যই উইন-উইন (সমান লাভজনক) হবে।
তিনি জানিয়েছেন, ইতোমধ্যেই বাংলাদেশ প্রতিনিধি দল সেখানকার কর্মকর্তাদের সাথে কয়েক দফা বৈঠক করেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেওয়া হয়, তার অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে।