বাইসাইকেল কিকে গোল ফুটবলে বিরল দৃশ্য। কিন্তু ৪০ বছর বয়সেও তা যেন নৈমিত্তিকই করে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে আবারও এক চমকপ্রদ বাইসাইকেল কিকে গোল করে ফুটবলপ্রেমীদের হতবাক করেছেন পর্তুগিজ তারকা।
রবিবার রাতে আল নাসর–আল খালেজ ম্যাচের যোগ করা সময়, ৯৬তম মিনিটে আসে দারুণ গোলটি। ডান প্রান্ত থেকে নাওয়াফ বাওশালের বাড়ানো বল বাইসাইকেল কিকে জালে পাঠান রোনালদো। খালেজ গোলরক্ষক আন্থনি মারেজ সর্বোচ্চ চেষ্টা করেও তা ঠেকাতে পারেননি।
গোল উদযাপনে সতীর্থদের সঙ্গে আনন্দে ভাসেন রোনালদো। ম্যাচ শেষে গোলের ভিডিওটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। তবে ক্যাপশন লেখার কাজ ভক্তদের হাতেই ছেড়ে দিয়ে লেখেন, “বেস্ট ক্যাপশন উইনস।”
তার ডাকে সাড়া দিয়ে ভক্তরা ঝাঁপিয়ে পড়েন মন্তব্যের ঘরে। একজন লিখেছেন, “যে বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে।”
আরেকজন লিখেছেন, “আকাশে ভাসানো বলটির গন্তব্য ছিল কেবলই জালের ভেতর।”
আরও একজন লিখেছেন, “সবাইকে মনে করিয়ে দিলেন, এখনো মুকুট তাঁর মাথাতেই মানায়।”
এই গোলের রাতে সৌদি প্রো লিগে টানা নবম জয় তুলে নিয়েছে আল নাসর। ৯ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২৭, দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ২৩।
রোনালদোর আল নাসর আগামীকাল রাতেই খেলবে এএফসি কাপে, প্রতিপক্ষ তাজিকিস্তানের ক্লাব ইস্তিকলোল।