রাজধানীতে প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
তিনি বলেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে হলে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবার সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান এককভাবে এসব ঝুঁকি মোকাবিলা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
রাজউক চেয়ারম্যান জানান, যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না। বাড়ির নকশা (প্ল্যান) রাজউক করে দেয় না উল্লেখ করে তিনি বলেন, বাড়িওয়ালারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে নকশা তৈরি করে জমা দেন এই শর্তে যে রাজউকের নিয়ম মেনে নির্মাণ করবেন। কিন্তু পরে নিয়ম ভঙ্গ করলে জরিমানা বা শাস্তির দায় ভবন মালিকেরই হওয়া উচিত—এটা রাজউকের দায় নয়।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদা আলাদা ভাবে কাজ করায় নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে যৌথভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।