চট্টগ্রামের লোহাগাড়ায় এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোহাম্মদ জিহাদ (২৭) নামের একজন নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
লোহাগাড়া উপজেলা সদরের আমিরাবাদ বটতলী এলাকার একটি ভবনের তৃতীয় তলার এসির বৈদ্যুতিক তারের সঙ্গে যুবকটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিহাদ কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের কাশারিখোলা এলাকার শফিক ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে এশিয়া ব্যাংকের লোহাগাড়া শাখার পেছনে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে। তাদের ধারণা, গভীর রাতে এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।