দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, আর তুরস্কের প্রতিনিধিত্ব করছেন উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট, সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কথা হবে।
পাঁচ বছর পর অনুষ্ঠিত এই বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে, যেখানে ভবিষ্যৎ অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার দিকগুলো প্রতিফলিত হবে বলে জানা গেছে।
এর আগে সোমবার ঢাকায় এসে একিনচি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আজ বৈঠক শেষে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।