হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠানের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, ট্রাম্প কখনো চোখ বন্ধ করছেন, কখনো চোখ খুলে রাখতে হিমশিম খাচ্ছেন—যা দেখে অনেকে মনে করছেন, তিনি ঘুমিয়ে পড়েছিলেন।
গত বৃহস্পতিবার ওজন কমানোর জনপ্রিয় দুটি ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। সেই সময় তোলা ছবিগুলো প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে বলেন, “প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; বরং পুরো সময় তিনি বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন।” তিনি আরও জানান, ট্রাম্প ওই অনুষ্ঠানে ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতায় ভোগা নাগরিকদের সহায়তার জন্য দুটি ওষুধের দাম কমানোর ঘোষণা দেন, যা কোটি কোটি ডলার সাশ্রয় করবে।
রজার্স অভিযোগ করেন, “ব্যর্থ উদারপন্থী সংবাদমাধ্যম আসল খবর প্রচার না করে ট্রাম্পবিরোধী বিভ্রান্তি ছড়াচ্ছে।”
উল্লেখ্য, ৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তাঁর স্বাস্থ্য নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। গত মাসে তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষার অংশ হিসেবে এমআরআই করান। এ ছাড়া গত গ্রীষ্মে তাঁর পায়ে শিরাজনিত সমস্যা শনাক্তের কথাও জানায় হোয়াইট হাউস।