মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত শান্তি উদ্যোগ আবারও ভেস্তে যাওয়ার পথে। কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার (৮ ডিসেম্বর) কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, উভয় দেশই সকালে বিতর্কিত সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে।
থাই সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। তাঁর দাবি, এর আগের হামলায় একজন থাই সেনা নিহত ও দুইজন আহত হন।
থাই মেজর জেনারেল উইনথাই সুভারি বলেন, চং আন মা পাস এলাকার কম্বোডিয়ার অস্ত্র সহায়ক অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। কারণ সেখান থেকেই থাইল্যান্ডের আনুপং ঘাঁটিতে আক্রমণ হয়েছিল।
থাই বাহিনীর অভিযোগ, স্থানীয় সময় রাত ৩টায় কম্বোডিয়া সীমান্তে হামলা শুরু করে। তবে কম্বোডিয়া বিবৃতিতে দাবি করেছে, ভোর ৫টায় থাই বাহিনী তাদের অবস্থানে প্রথম হামলা চালায়। তারা জানায়, দীর্ঘদিন ধরে থাই বাহিনীর উসকানিমূলক পদক্ষেপের কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।
গত জুলাইয়ে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘাতে বহু মানুষ নিহত হন এবং অন্তত দুই লাখ লোককে সরিয়ে নেওয়া হয়। পরে ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি বহাল হলেও চলমান উত্তেজনা ও নতুন সংঘর্ষে তা আবারও ভঙ্গের মুখে।
কুয়ালালামপুরে গত অক্টোবরে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তি বাড়ানো হলেও তাতে স্থায়ী শান্তি ফেরেনি। নতুন সংঘর্ষে সীমান্ত পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে পড়েছে।