এই মাঠে মাকে দেখেছি দুইবার, এবার পুতরেকে দেখব”—এমন আবেগঘন কথা বলতে বলতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এদিন থেকেই দেশজুড়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।
সকাল ১০টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই মাঠেই অতীতে একাধিকবার নির্বাচনী জনসভা করেছিলেন দলের সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন পর সেই ঐতিহাসিক মাঠে তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বিশেষ উদ্দীপনা।
সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভাস্থল সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জনসমুদ্রে পরিণত হওয়া মাঠে দেখা যায় এমন বহু মানুষকে, যারা অতীতে খালেদা জিয়ার জনসভায় অংশ নিয়েছিলেন এবং আজ এসেছেন তার ছেলে তারেক রহমানকে এক নজর দেখতে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। সিলেটে পৌঁছানোর পর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান তিনি।
মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যান। সর্বশেষ ২০০৫ সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় ২০ বছর পর সিলেটে ফিরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের মতে, এই জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত মাঠে তারেক রহমানের উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আবেগের সৃষ্টি করেছে।