মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিধানে থাকা শব্দগুলোর মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় শব্দ ‘ট্যারিফ’। পেনসিলভানিয়ার মাউন্ট পোকোনোতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি বলবো, আমার প্রিয় শব্দ হলো ট্যারিফ। অভিধানের অন্য যে কোনো শব্দের চেয়ে আমি এটিকে বেশি ভালোবাসি।’ তিনি দাবি করেন, শুল্কনীতি গ্রহণের ফলে যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্প বিশেষ করে পেনসিলভানিয়ার শ্রমিকরা ‘অসাধারণভাবে ভালো করছে’।
ট্রাম্প বলেন, ‘যদি আমাদের ওপর শুল্ক না থাকত, তাহলে দেশে কোনো ইস্পাত থাকত না। যুক্তরাষ্ট্রের কোথাও একটি ইস্পাত কারখানাও টিকত না, যা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত ক্ষতিকর হতো।’
উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প ১৮৫টি দেশ ও অঞ্চল থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর ১০ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। ৫ এপ্রিল থেকে সর্বজনীন ১০ শতাংশ শুল্ক কার্যকর হয় এবং ৯ এপ্রিল থেকে দেশভেদে আলাদা শুল্কহার কার্যকর করা হয়।