দীর্ঘ ২০ বছর পর গাজীপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ইতোমধ্যে জনসভাকে সফল করতে রাজবাড়ী মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে গাজীপুরের পাঁচটি উপজেলা ও মহানগরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। রাজবাড়ী মাঠজুড়ে নেতাকর্মীদের স্লোগান ও ব্যানার–ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে বিএনপি চেয়ারম্যান ও তার সফরসঙ্গীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা পরিকল্পনায় মাঠে কাজ করছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এর আগে গত রোববার গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবনে জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল বলেন, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ভাষণ দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে জনসভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, তারেক রহমানের আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচন সামনে রেখে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, “এই জনসভাকে কেন্দ্র করে জেলা ও মহানগরজুড়ে একটি রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে।” জনসভা সফল করতে আইনশৃঙ্খলা কমিটি, ব্যবস্থাপনা কমিটি, আপ্যায়ন কমিটি এবং একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এছাড়া তারেক রহমান চৌরাস্তা–শিববাড়ী হয়ে রাজবাড়ী মাঠে প্রবেশ করবেন জানিয়ে তিনি বলেন, ওই সড়ক যানজটমুক্ত রাখতে দলীয় স্বেচ্ছাসেবক দল ও প্রশাসনের পক্ষ থেকে সমন্বিতভাবে কাজ করা হবে।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের গাজীপুর আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা এটিকে ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা হিসেবে দেখছেন।