কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের সমতা করেছে ব্রাজিল। এমন সমতার ম্যাচেও পূর্বে কর্তৃত্ব করতে দেখা গেছে ব্রাজিলকে। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে আক্রমণ, বল দখল ও সফল পাসিংয়ের হিসেবেও পিছিয়ে ছিল সেলেসাওরা। রদ্রিগো স্ট্রাইকার পজিশনে হতাশ করেছেন। অ্যাটাকিং মিডফিল্ডে খোলসবন্দী ছিলেন লুকাস পাকুয়েতা।
সংবাদ মাধ্যম গোলের হিসেবে ম্যাচে এই দু’জনই পেয়েছেন সবচেয়ে কম রেটিং। একটা দলের স্ট্রাইকার ও প্লে মেকারের পারফরম্যান্স সবচেয়ে বাজে হলে জয়ের আশা করা বোকামি। ম্যাচে ব্রাজিল গোলে মাত্র ৭টি শট নিয়েছে। কলম্বিয়া নিয়েছে ১৩ শট। লক্ষ্যে ব্রাজিলের ছিল ৩ শট। কলম্বিয়া নিয়েছে ৬ শট। ব্রাজিলের পায়ে বল ছিল ৫১ শতাংশ। তবে সফল পাসিংয়ে এগিয়ে ছিল কলম্বিয়া (ব্রাজিল ৮১%, কলম্বিয়া ৮৪%)।
ম্যাচে ব্রাজিলিয়ানদের রেটিং: অ্যালিসন ৬/১০: গোল খাওয়ায় দায় নেই তার। তবে ভুল পাস দিয়েছেন। যা দলের ওপর চাপ বাড়িয়েছে।
মার্কুইনোস ছিলেন নিঁখুত, দানিলোরা গড়পড়তা: রক্ষণে অভিজ্ঞ মার্কুইনোস ভুল করেননি। তার রেটিং দশে সাত। তবে মার্কুইনোসের পর্যায়ের পারফরম্যান্স করতে পারেননি মিলিতাও। তার মতো রাইট ব্যাক দানিলো ও লেফট ব্যাক ওয়েন্ডেল গড়পড়তা পারফরম্যান্স করেছেন। দানিলো রক্ষণে ঠিকঠাক ছিলেন, তবে আক্রমণে ভূমিকাই রাখতে পারেননি। ওয়েন্ডেলের ক্ষেত্রেও তাই। ভিনিসিয়াসকে খেলাতে পারেননি তিনি। তাদের রেটিং দশে ৬।
গিমারেজ দৌড়াছেন, পাকুয়েতা অকার্যকর, গোমেজের ভূমিকা প্রশ্নবিদ্ধ: মার্কুইনোসের মতো ব্রুনো গিমারেজের পারফরম্যান্স ছিল বেশ ভালো। তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণে দারুণ ভূমিকা রেখেছেন। আবার আক্রমণ সাজানোর চেষ্টা করেছেন। তার রেটিং দশে সাত। কিন্তু লুকাস পাকুয়েতা পুরোপুরি ব্যর্থ ছিলেন এ ম্যাচে। তাকে ৪ নম্বর দেওয়া হয়েছে। জোয়াও গোমেজ মিডফিল্ডার হলেও খেলেন ডিফেন্ডারের মতো। যেন- প্রতিপক্ষকে ট্যাকল আর প্রেসিং করাই তার কাজ। প্লে মেকিংয়ে ভূমিকা রাখতে পারেননি। তিনি পেয়েছেন ৬ নম্বর।
রদ্রিগো-ভিনির ডে অফ, রাফিনহার ঝলক: লিডস ইউনাইটেডে রাফিনহার এমন ঝলক দেখা গেছে। ফ্রি কিকে তিনি যে গোলটা করেছেন তা বছরের অন্যতম সেরার তালিকায় থাকবে। দশে আট রেটিং করা হয়েছে তাকে। স্ট্রাইকার পজিশনে রদ্রিগো ব্যর্থ ছিলেন। উইঙ্গের বাইরে তিনি ফলস নাইন বা প্লে মেকিং পজিশনে মানানসই। কিন্তু রদ্রিগো মোটেও স্ট্রাইকার নন, এটা এই ম্যাচে আবারও প্রমাণিত। তার নম্বর ৫। ভিনি ম্যাচের ৭ মিনিটে হলুদ কার্ড খেয়ে বোতলবন্দী হয়ে পড়েন। তিনিও পেয়েছেন ৫ নম্বর।
কোচ দরিভাল: তিনি প্রথাগত ব্রাজিলিয়ান কোচদের চেয়ে বেশি কিছু নন। দল সাজিয়ে, কৌশল নিয়ে ম্যাচ বের করার মতো কিছু দেখাতে পারেননি। দরিভাল চেয়ে ছিলেন ভিনি-রদ্রিগোদের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে। নিচ থেকে বিল্ড আপ করার চেষ্টা কররেও মাঝমাঠ ও আক্রমণে স্পেস তৈরি করতে পারেনি তার কৌশল। দশে তার রেটিং ৫।