লন্ডনে আজ অনুষ্ঠিত হচ্ছে প্রবাসী বাঙালিদের অন্যতম বড় সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন এবনং ১৬তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ারে আয়োজিত এ দিনব্যাপী উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও কলকাতার শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
এ বছরের আয়োজনের বিশেষ আকর্ষণ বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন পর লন্ডনের মঞ্চে তিনি গানে গানে শ্রোতাদের মুগ্ধ করবেন। তাঁর সঙ্গে থাকবেন বাংলাদেশের প্রখ্যাত তবলাশিল্পী চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল, এছাড়া স্থানীয় মিউজিশিয়ান ও কলকাতার সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকও যোগ দেবেন একই মঞ্চে। সাংস্কৃতিক পর্ব শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
উৎসবের প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা বলেন, “লন্ডনের প্রবাসী বাঙালিদের কাছে এই আয়োজন এক মিলনমেলা। আমরা গর্বিত যে সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তি শিল্পী আমাদের মঞ্চে গান করবেন।”
সাবিনা ইয়াসমিন বলেন, “বাংলা গান আমার শ্বাস, আমার জীবন। প্রবাসে বাঙালি শ্রোতার মুখে হাসি দেখলে মনে হয়—আমার গান এখনো বেঁচে আছে।”
তিন প্রজন্মের শ্রোতার প্রিয় এই শিল্পীর সংগীতযাত্রা শুরু ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে। এরপর ছয় দশকে তিনি গেয়েছেন হাজারো গান এবং অর্জন করেছেন অগণিত সম্মাননা, যার মধ্যে রয়েছে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক (১৯৮৪) ও স্বাধীনতা পুরস্কার (১৯৯৬)।
আজকের এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসব প্রবাসী বাঙালিদের জন্য রূপ নিচ্ছে এক অনন্য সাংস্কৃতিক দিনে—যেখানে বই, সংগীত আর ভালোবাসা মিলেমিশে তৈরি করবে এক স্মরণীয় মুহূর্ত।