বিএনপিকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমন করে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম, খুন, নির্যাতন ও হয়রানির শিকার হলেও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছেড়ে যাননি।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এক ভাই গুম হয়েছেন, আরেক ভাই রাজপথে নেমেছেন। কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত অবস্থানে যায়নি। যে দলের নেতাকর্মীরা এভাবে আপসহীন থাকে, সেই দলকে কেউ ষড়যন্ত্র করে দমন করতে পারবে না, ইনশা-আল্লাহ।’
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ওপর নির্যাতন চালানো হয়েছে। হাজারো নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। তাদের অনেক পরিবারের সদস্য আজ এই সভায় উপস্থিত আছেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার বোঝা বহন করতে হয়েছে প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীকে।
তারেক রহমান আরও বলেন, এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার কারণে লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। বহু মানুষকে পরিবার ও স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করতে হয়েছে।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বাইরেও সারা দেশে বহু স্বজনহারা মানুষ রয়েছেন। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে দূর থেকে হলেও আমরা চেষ্টা করেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা ছিল। হয়তো সব ক্ষেত্রে সফল হতে পারিনি, কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।’
তিনি বলেন, বিভীষিকাময় দিন ও রাতের অবসান হয়েছে। দেশের মানুষ আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যারা আপনজন হারিয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। আমরা একটি ভয়াবহ সময় অতিক্রম করেছি।
অনুষ্ঠানে গুমের শিকার পরিবারের সদস্যদের কষ্টের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এমন অনেক সন্তান রয়েছে যারা কোনোদিন বাবার মুখ দেখেনি। কেউ কেউ এখনো অপেক্ষায় আছে—হয়তো একদিন হঠাৎ দরজায় কড়া নাড়বে হারিয়ে যাওয়া বাবা, অথবা গুম হওয়া সন্তান ফিরে এসে মাকে ডাকবে।