ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস নতুন লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী নিয়মিতভাবেই নিজের ভিন্ন ভিন্ন উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কাড়েন।
সম্প্রতি ওয়েস্টার্ন-ফিউশন ফরমাল পোশাকে নিজের কিছু ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে তাকে দেখা যায় শুভ্র সাদা রঙের স্টাইলিশ কোটে। সঙ্গে কানের দুল ও গলার নেকলেসে ফুটে উঠেছে আধুনিকতা ও আভিজাত্যের ছাপ।

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘তুমি যেমনটা পেতে চাও, নিজেকে ঠিক তেমনভাবেই গড়ে তোলো।’ ছবিগুলো প্রকাশের পরপরই নেটিজেনদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই তার রূপ, লাবণ্য ও চোখের অভিব্যক্তির প্রশংসা করেন।
একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ ছবিগুলো, কারো নজর যেন না লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আমার হৃদয়ের আয়নাতে শুধু তোমাকেই দেখি।’
প্রসঙ্গত, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি পান অপু বিশ্বাস। এর আগে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি।