বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এর আগে সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যান এলাকায় জড়ো হন। তবে উদ্যান বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। অনেকেই মূল ফটকে দাঁড়িয়ে দোয়া করে ফিরে যান। পরে দুপুরে সমাধিস্থল উন্মুক্ত করা হলে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় বাড়তে থাকে।
উল্লেখ্য, টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। এর আগে গত ২৩ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। এর আগে একই দিন বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।