জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, মূল ভর্তি পরীক্ষা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিনে মোট ছয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। আগামী ২২ ডিসেম্বর তিন শিফটে ‘বি’ ইউনিট এবং দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ২৩ ডিসেম্বর প্রথম শিফটে ‘সি১’ ইউনিট এবং পরবর্তী চার শিফটে ‘ডি’ ইউনিটের আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর পাঁচ শিফটে ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা নেওয়া হবে।
এ ছাড়া ২৮ ডিসেম্বর প্রথম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট এবং পরবর্তী তিন শিফটে ‘এ’ ইউনিটের আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর চার শিফটে ‘এ’ ইউনিটের বাকি পরীক্ষাগুলো গ্রহণ করা হবে।
৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ‘সি১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে জাবির সাতটি ইউনিটে মোট ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি। সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে ১১৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।