ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল ও দাড়ি কাটার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় পর থানায় মামলা হয়েছে। এতে চুল-দাড়ি কাটা ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামক সংগঠনের ব্যক্তিবর্গ এবং স্থানীয় সহযোগী কয়েকজনকে আসামি করা হয়।
ওই ঘটনায় ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের কয়েকজন দায়িত্বশীল এবং স্থানীয় কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।
ওসি বলেন, ‘ঘটনাটি প্রায় চার মাস আগের হলেও ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়। এরপর ভুক্তভোগী পরিবার থানায় যোগাযোগ করলে মামলা নেওয়া হয়। তদন্ত শুরু হয়েছে।’
বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ অভিযোগ করে বলেন, ‘ঘটনার দিন আমি বাজারে গেলে কয়েকজন জোর করে ধরে আমার চুল-দাড়ি কেটে দেয়। আমি বাধা দিলেও রেহাই পাইনি। এখন পরিবারের কথায় থানায় অভিযোগ দিয়েছি।’
হালিম উদ্দিন আকন্দ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি ‘হালিম ফকির’ নামে পরিচিত। পরিবার ও স্থানীয়দের মতে, তিনি মানসিক রোগী নন। প্রায় ৩৭ বছর ধরে তিনি হজরত শাহজালাল (র.) ও শাহ পরানের (র.) ভক্ত হিসেবে ফকিরি জীবনযাপন করছেন এবং ওই সময় থেকেই চুল-দাড়ি না কেটে জট বাধিয়ে রেখেছেন।
ঘটনার ভিডিওতে হালিম উদ্দিন অসহায়ের মতো বলতে শোনা যায়, “আল্লাহ, তুই দেহিস।” তার এ বাক্য সামাজিক মাধ্যমে প্রতিবাদের ভাষায় পরিণত হয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, ‘হালিম উদ্দিন একজন কাদেরিয়া নকশবন্দিয়া অনুসারী। তাকে এভাবে হেনস্তা করা লজ্জাজনক। দোষীদের আইনের আওতায় আনতে হবে।’