বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কয়েকজন নেতা দেশ ও জাতির গতিপথ বদলে দিয়েছেন, তাঁদের মধ্যে বেগম খালেদা জিয়া একটি স্বতন্ত্র ও অনন্য নাম। চার দশকেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন সংগ্রাম, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে তিনি শুধু একটি রাজনৈতিক দলের প্রধান নন, বরং গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শোক ও অনিশ্চয়তায় আচ্ছন্ন বাংলাদেশে যখন রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তখন একজন গৃহবধূ হিসেবে পরিচিত খালেদা জিয়া সামনে এগিয়ে আসেন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়ে তিনি রাজনীতির কঠিন ও বিপজ্জনক পথে যাত্রা শুরু করেন। সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন আপসহীন নেতৃত্বের প্রতীক।
তবে তাঁর সংগ্রামের শিকড় আরও গভীরে প্রোথিত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বামী জিয়াউর রহমান যখন সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন খালেদা জিয়া দুই শিশুসন্তানকে নিয়ে জীবন-মৃত্যুর আতঙ্কে পালিয়ে বেড়ান, পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং দীর্ঘ নয় মাস অন্তরিন থাকেন। এই অভিজ্ঞতাই তাঁকে ভবিষ্যতের কঠিন রাজনৈতিক বাস্তবতার জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলে।
১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর তিনি দল পুনর্গঠন, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্বৈরাচারবিরোধী যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দেন। বারবার গৃহবন্দী, কারাবরণ ও রাজনৈতিক আক্রমণের শিকার হলেও তিনি কখনো আপস করেননি। ১৯৮৬ সালের সামরিক শাসনাধীন নির্বাচন বর্জনের সিদ্ধান্ত তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও নৈতিক অবস্থানের স্পষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
দীর্ঘ আন্দোলনের পর ১৯৯০ সালের ডিসেম্বরে স্বৈরশাসক এরশাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। ১৯৯১ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন তাঁর নেতৃত্বের অন্যতম ঐতিহাসিক অর্জন।
২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর জীবনে শুরু হয় আরেক কঠিন অধ্যায়। সেনা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি কারাবন্দী হন, তাঁর পরিবার রাজনৈতিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার অভিযোগ ওঠে। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী হলেও তিনি কোনো আপস বা সমঝোতায় যাননি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ২০২৪ সালের ৬ আগস্ট কারামুক্ত হন খালেদা জিয়া। ২০২৫ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে দেওয়া সাজা বাতিল করলে তিনি আইনি ভাবে মুক্ত হন। দীর্ঘ কারাবাস ও চিকিৎসাজনিত অবহেলায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও তাঁর রাজনৈতিক ও নৈতিক অবস্থান অটুট থাকে।
রাজনৈতিক নেতা হিসেবে খালেদা জিয়ার ভূমিকা শুধু ক্ষমতার কেন্দ্রে সীমাবদ্ধ নয়। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, বিরোধী দলনেতা হিসেবে আন্দোলনের নেতৃত্ব, নারী নেতৃত্বের পথ প্রশস্ত করা সব মিলিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি প্রতিষ্ঠান। নারী ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর উপস্থিতি জোরদারে তাঁর ভূমিকা ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এটিকে তাঁর জীবনের ‘চতুর্থ সংগ্রাম’ বলে আখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমন এক সময়ে, যখন বাংলাদেশ আবারও রাজনৈতিক ঐক্য ও গণতান্ত্রিক স্থিতিশীলতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন খালেদা জিয়াকে অনেকেই জাতীয় ঐক্যের অপরিহার্য প্রতীক হিসেবে দেখছেন।
ব্যক্তিগত জীবন, রাজনৈতিক উত্থান-পতন, ত্যাগ ও সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে বেগম খালেদা জিয়া আজ শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের এক জীবন্ত প্রতীক।