দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (BIFF) চালু হলো একটি নতুন আন্তর্জাতিক পুরস্কার-‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। আগামী ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম আসরে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই পুরস্কার দেওয়া হবে ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগী চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে এমন একটি ছবিকে, যার থিম হবে সামাজিক ন্যায়বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই।
এ বছরের ফেস্টিভ্যালের সমাপনী দিনে এ পুরস্কার বিজয়ী নির্মাতার হাতে তুলে দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এ পুরস্কার প্রবর্তন করা হলো।