বলিউড বাদশাহ শাহরুখ খান। রূপালি পর্দায় বহু নায়িকার সঙ্গে প্রেম করেছেন কিন্তু বাস্তবে তাঁর জীবনের নায়িকার বদল হয়নি। স্ত্রী গৌরী খানের সঙ্গে এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন ৩৩ বছর। কীভাবে সম্পর্কে প্রেম অটুট রাখতে হয় এবার সেটাই জানালেন কিং খান।
সম্প্রতি দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই বর-কনের সঙ্গে কথা বলার সময় সংসার জীবন নিয়ে পরামর্শ দেন তিনি।
এ সময় বর-কনের উদ্দেশে শাহরুখ বলেন, নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখলে দাম্পত্যে কোনো সমস্যা থাকবে না। তবে সমস্যা যদি হয় চিন্তা করো না। আমি আছি তো। আমি নিশ্চিতভাবে তোমাদের সব সমস্যা দূর করে দেব।’ এই পরামর্শ শুনে উচ্ছ্বসিত নবদম্পতি।
শাহরুখের সঙ্গে প্রেম নিয়ে একাধিকবার মুখ খুলেছেন গৌরী খানও। শাহরুখকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন বলে জানিয়েছিলেন তিনি।
গৌরী বলেছিলেন, শাহরুখ ও তার সহ-শিল্পীদের আমি বিশ্বাস করি। খুবই ভালো সম্পর্ক তাদের। লন্ডনে টানা দশদিন কাজল, তনুজা আন্টি, শিল্পা শেঠির সঙ্গে কাটিয়েছিলাম। একসঙ্গে কেনাকাটা করেছিলাম। শাহরুখকে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।