নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১ নভেম্বর) বরগুনায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের ব্যক্তিসর্বস্ব ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি। মার্কা সংযুক্তিকরণ বা না করার বিষয়টি গোঁয়ার্তুমি ও গোঁড়ামির মাধ্যমে মধ্যযুগীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ফলে আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের টালবাহানারও সমালোচনা করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে।’