ওয়ানডে বিশ্বকাপে হাতে চোট পাওয়ার পর বিশ্রামে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। ফিরেছেন চলমান বিপিএলের দশম আসর দিয়ে। তবে এই টুর্নামেন্টের শুরুতে দেখা দেয় নতুন এক সমস্যা। আর তা হলো চোখের সমস্যা। এ কারণে অলরাউন্ডার সাকিবকে শুরুর কয়েক ম্যাচে দেখা গেছে শুধু বোলারের ভূমিকায়।
যদিও সব শেষ ম্যাচে রানে ফিরেছেন তিনি। তবে তার আগে সাকিবকে নিয়ে গুঞ্জন ওঠে যে বিপিএলের পরে যে টাইগারদের শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে, সেখানে খেলবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে বিসিবি কিংবা সাকিব আনুষ্ঠানিকভাবেক সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। আর এবার সেই প্রশ্ন সামনে আসতেই রীতিমতো চটে গিয়েছেন টাইগার অধিনায়ক।
শুক্রবার এক বাণিজ্যিক অনুষ্ঠানে যান সাকিব। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় সাকিবের আসন্ন শ্রীলঙ্কা সিরিজে না খেলা নিয়ে ওঠা গুঞ্জনের প্রশ্ন করতেই সাকিব প্রশ্নকর্তার দিকে ফিরতে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কে বলেছে আপনাকে?’ এ সময় প্রশ্নকর্তা বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি যে আপনি…’ কথা শেষ হওয়ার আগেই সাকিব বলে বসেন, ‘গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর না হলে আপনি বের করেন খুঁজে কে বলছে, তাকে জিগ্যেস করেন। আমি কি বলেছি কাউকে?’ সাকিবের প্রশ্নের জবাবে সাংবাদিক বলেন, ‘সেটাই জানতে চাচ্ছি।’