উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতের পর বা আগামী ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে। চিকিৎসক দলের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞরাও তার সঙ্গে থাকবেন, যাতে যাত্রাপথে প্রয়োজনীয় সব চিকিৎসা সুবিধা নিশ্চিত করা যায়।
জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিএনপির আবেদনের পর কাতার সরকার অফিসিয়ালি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে। ইতোমধ্যে ঢাকায় রয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বেলে এবং চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক।
গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় চার মাস চিকিৎসা নেওয়ার পর তিনি দেশে ফেরেন। আর চলতি মাসের ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।