দিল্লির চানক্যপুরীতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দলসহ একাধিক সংগঠনের কর্মীরা এই বিক্ষোভে অংশ নেন।
সংগঠনগুলোর অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে। ময়মনসিংহে তরুণ হিন্দু শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা এবং মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা হাইকমিশন অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দেয়। একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং কুশপুত্তলিকা দাহ করে।
ভারতীয় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইকমিশন ভবন থেকে প্রায় ৫০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেয়। এলাকায় একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনী কঠোর অবস্থানে থাকে।
এর আগে গত শনিবার রাতে কূটনৈতিক পাড়ার একই এলাকায় বাংলাদেশের হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। ওই সময় হাইকমিশনের কর্মকর্তারা হাইকমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন।
ঘটনা ঘিরে দিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।