ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ওষুধশিল্প সমিতি। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
তিনি বলেন, এখন পর্যন্ত শীর্ষ ৩২টি ওষুধ কোম্পানি জানিয়েছে যে তাদের ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল নষ্ট হয়েছে। বাকি কোম্পানিগুলোর হিসাব যুক্ত হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব জাকির হোসেন জানান, এসব কাঁচামাল পুড়ে যাওয়ায় ৩ থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে, যদিও তাৎক্ষণিকভাবে সরবরাহ ব্যবস্থায় বড় সংকট তৈরি হবে না।
একই অনুষ্ঠানে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিতে অগ্নি শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থা কার্যকর না থাকায় কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।