কোল্ডপ্লের কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়ার পর মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি কোল্ডপ্লে কনসার্টে ধারণকৃত একটি ভাইরাল ভিডিওটিতে বড় স্ক্রিনে এক যুগলকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। পরে জানা যায়, ওই যুগল মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা। এ ঘটনা অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
কোল্ডপ্লের কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়ার পর মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সংস্থার প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিপিও) ক্রিস্টিন ক্যাবটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
এদিকে, শুধু চাকরি নয়, অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরন সম্ভবত তার স্ত্রীকেও হারাতে বসেছেন। অ্যান্ডি বাইরনের স্ত্রী মেগান কেরিগান বাইরন তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্বামীর পদবি সরিয়ে ফেলার পর তাদের ডিভোর্সের গুঞ্জন তুঙ্গে। এই জুটির ডিভোর্স হলে, অ্যান্ডি বাইরনকে প্রায় ৩০ মিলিয়ন ডলার গুনতে হবে ডিভোর্স বিল হিসেবে।
এর আগে, বুধবার রাতে বোস্টনে কোল্ডপ্লের একটি কনসারর্টের বিশাল স্ক্রিনে যখন দর্শক সারির মধ্যে থেকে এক যুগলকে একে অপরকে জড়িয়ে ধরে দুলতে দেখা যায়, তখন তাদের মুখাবয়ব হাজার হাজার দর্শকের সামনে চলে আসে। নিজেদের চেহারা উন্মোচিত হতে দেখে ওই যুগল দ্রুত ক্যামেরা থেকে মুখ লুকিয়ে ফেলেন। এ দৃশ্য তাৎক্ষণিকভাবে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের মন্তব্য বড় ভূমিকা রেখেছে। যুগলকে লুকিয়ে যেতে দেখে মার্টিন জনতার উদ্দেশ করে বলেন, ‘হয় তারা পরকীয়ায় লিপ্ত অথবা খুবই লাজুক!’
ক্রিস মার্টিনের এই মন্তব্য অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটিই ওই যুগলের মধ্যে ‘পরকীয়া’র গুজব উসকে দেয়। প্রাথমিকভাবে টিকটকে পোস্ট করা ভিডিওটি লাখ লাখ ভিউ পায় এবং পরবর্তীতে অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে। এটি নিয়ে এরই মধ্যে অসংখ্য মিম তৈরি হয়েছে। টেলিভিশন অনুষ্ঠানেও চলছে রসিকতা।
ইন্টারনেটে এই আলিঙ্গন নিয়ে তোলপাড় শুরু হওয়ার দুই দিন পর শুক্রবার (১৮ জুলাই) রাতে, সংশ্লিষ্ট সংস্থা ‘অ্যাস্ট্রোনমার’ তাদের এক্স অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে সংস্থাটি নিশ্চিত করেছে, তাদের সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে। অ্যাস্ট্রোনমারের বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাস্ট্রোনমার প্রতিষ্ঠার পর থেকে যে মূল্যবোধ ও সংস্কৃতি আমাদের পথ দেখিয়েছে, আমরা তার প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের নেতাদের কাছ থেকে আচরণ ও জবাবদিহির সর্বোচ্চ মান আশা করা হয়। পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং খুব শিগগিরই আমরা বিস্তারিত তথ্য জানাব।’
তদন্ত চলাকালীন সংস্থার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) পিট ডিজয়কে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যান্ডি বাইরন ২০২৩ সালের জুলাই থেকে এই সংস্থায় কর্মরত। অন্যদিকে, ভিডিওর নারীটিকে সংস্থার প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিপিও) ক্রিস্টিন ক্যাবট বলে অনলাইনে চিহ্নিত করা হয়েছে। তিনি ২০২৪ সালের নভেম্বর থেকে অ্যাস্ট্রোনমারে কাজ করছেন।