আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে। নির্বাচন কমিশনের (ইসি) আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। সেই হিসেবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ বন্ধ করতে হবে।
ইসি’র ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭ (ক) ধারা অনুযায়ী নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ৭ (খ) ধারায় রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক তৈরি লিফলেট, ব্যানার ও ফেস্টুন ব্যবহারে নিষেধাজ্ঞা আছে।
বিধিমালার ৭ (ঙ) ধারায় বলা হয়েছে, ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। ব্যানারের সর্বোচ্চ মাপ ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর সাইজ এবং ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি হবে। এছাড়া, এসব প্রচার সামগ্রীতে প্রার্থীর ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।
ইসি সম্প্রতি রিটার্নিং অফিসারদের কাছে স্পষ্টীকরণ নির্দেশনা দিয়েছে। হরাইজন্টাল বা ভার্টিকাল যেকোনো আকারে ব্যানারের মাপ সর্বাধিক ১০ ফুট বাই ৪ ফুট হলে তা ব্যবহার করা যাবে।
ইসি সচিবালয় মুদ্রণালয় ও ছাপাখানাগুলোকে নির্বাচনী প্রচারণার কাজে পোস্টার মুদ্রণ না করার নির্দেশ দিয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
সুত্রঃবাসস