পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংক শাখার সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পেট্রল ঢেলে সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যা মুহূর্তেই পুরো বোর্ডে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “ইউনূসের কোনো শাখায়ই আমরা রাখব না…”। পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও শোনা যায়।
ওসি আনিসুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রামীণ ব্যাংকের ভিতরে নয়, রাস্তার পাশে ব্যাংকের সীমানা প্রাচীরের ওপরে থাকা ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। এটি সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ করতে পারে। আবার কেউ বদমাইশি করেও করতে পারে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত কারা এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।