কুষ্টিয়ায় জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

কুষ্টিয়ায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সকাল ১০টার দিকে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি একটি জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক জানান, সকাল সাড়ে আটটার দিকে তিনি দুইতলায় অবস্থান করছিলেন। হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান। পরে দ্রুত পাশের পানি ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। সেখানে ভোটারদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হয়। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা যায়নি।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা প্রশাসকও ঘটনাটি দেখেছেন। স্টোর রুমে কীভাবে আগুন লেগেছে এবং কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *