বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
এর আগে বিকেল ৩টার দিকে সালাউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।
দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে এখনো ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।
নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়।