ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
জানা গেছে, কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত উভয় লেনে গাড়ির দীর্ঘ সারি আটকে আছে। এর প্রভাব পড়েছে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশেও।
যাত্রী আবির ইসলাম বলেন, “এক ঘণ্টা ২৫ মিনিট ধরে কাঁচপুরে আটকে ছিলাম, কোনোভাবে আসতে পেরেছি। এখনো দুই পাশেই যানজট রয়েছে।” অপর এক যাত্রী ইয়াসিন জানান, “মোগরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু এখনও কাঁচপুরেই আটকা আছি।”
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে এ যানজট তৈরি হয়েছে। তিনি বলেন, “গত তিন দিন ধরে সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করছি সংস্কারের জন্য, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কিছুটা কমলেও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট রয়ে গেছে।”