মেজর লিগ সকারে (এমএলএস) আবারও সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে অনন্য ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার এ সম্মান অর্জন করে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এমভিপি জয়ের রেকর্ড গড়লেন ইন্টার মায়ামির এ তারকা।
৩৮ বছর বয়সী মেসি চলতি মৌসুমে ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতাতে মুখ্য ভূমিকা রাখেন। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি ছিলেন অসাধারণ ফর্মে। এক মৌসুমে ২৯ গোল করা এমএলএস ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ড।
পুরস্কার জয়ের পর মেসি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি। টানা দুই বছর জিতে এমএলএস-এর ইতিহাসে প্রথম হতে পেরে গর্বিত। তবে আমার সতীর্থদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না এই সম্মান তাদেরও।’
এর আগে এমএলএস ইতিহাসে দুইবার এমভিপি জয়ের কীর্তি ছিল কেবল প্রেকির; ১৯৯৭ ও ২০০৩ সালে তিনি এ সাফল্য অর্জন করেছিলেন।
মেসি এর আগের মৌসুমেও ছিলেন উজ্জ্বল। ২০২৪ সালে ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে জিতেছিলেন এমভিপি পুরস্কার। ২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই দলকে লিগস কাপ এনে দেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। পরের মৌসুমে ৭৪ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জেতাতেও তাঁর ভূমিকা ছিল নির্ণায়ক।