আজ বুধবার ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর ডাকে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড়, দুপুর পৌনে ১২টা থেকে টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
অবরোধকারী শিক্ষার্থীরা স্লোগান দেন—“রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ”। তাদের এক দফা দাবি হলো—১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন বিতর্ক শুরু হয়। এরপর মন্ত্রণালয় সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে খসড়াটি হালনাগাদ করেছে। ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীদের জানানো হয়, ডিসেম্বরের মধ্যে আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে জানুয়ারিতে অধ্যাদেশ জারি করা হবে।