জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার আগের দিন রবিবার রয়টার্সকে সাক্ষাৎকার দেন শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা দিল্লিতে নির্বাসনে আছেন। জয় সাক্ষাৎকারে বলেন, ভারত তাঁর মাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তিনি সেখানে “একজন রাষ্ট্রপ্রধানের মতোই” অবস্থান করছেন।
রায়ের বিষয়ে জয় বলেন, “আমরা জানি রায় কী হবে… তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে। কিন্তু তারা আমার মাকে কী করতে পারবে? আমার মা ভারতে নিরাপদে আছেন।”
এর আগে অক্টোবরে হাসিনা রয়টার্সকে জানান, তিনি দিল্লিতে চলাফেরা করতে পারছেন, তবে নিরাপত্তাজনিত কারণে সতর্ক থাকতে হচ্ছে।
জয় সাক্ষাৎকারে বিচারকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাটক” বলে উল্লেখ করে বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলে তারা আপিল করবেন না যতক্ষণ না একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে।
আওয়ামী লীগের নিবন্ধন গত বছরের মে মাসে স্থগিত হয় এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
জয় আরও বলেন, “আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না। সামনে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে এবং আমরা যা কিছু করা দরকার তা করব।”