লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর কাছিয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজের বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে অভিযানের সময় আমিনুল আজিজ বাড়িতে ছিলেন না।
অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা করেছেন। মামলায় আমিনুল আজিজকে প্রধান আসামি করা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চরবংশী এলাকায় জমি দখল ও বালু তোলাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। আমিনুল আজিজের বিরুদ্ধেও কয়েক শ একর জমি দখলের অভিযোগ রয়েছে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে আমিনুল আজিজ দাবি করেন, একটি চক্র ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে ঘরে অস্ত্র রেখেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন।