টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক করা হয়।
গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এক নারীর করা ধর্ষণ মামলায় প্রিন্স মামুন প্রথম গ্রেপ্তার হন। পরে তিনি জামিন পান। ওই নারী সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও করেছিলেন তাঁর বিরুদ্ধে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, গ্রেপ্তারের পর প্রিন্স মামুনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তাঁর মাকে নিয়ে ওই নারীর বাসায় বসবাস শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তাঁর সঙ্গে। একাধিকবার বিয়ের কথা বললেও মামুন সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ ২০২৩ সালের ১৪ মার্চ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন। পরে বিয়ের কথা তুললে মামুন ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন। মামুনের মা-বাবার সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও অশালীন আচরণ করেন।
প্রিন্স মামুন মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’ ও ‘লাইকি’তে নিজের তৈরি মিউজিক ভিডিও পোস্ট করে জনপ্রিয়তা পান।