বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-ঢাকা রুটের একটি নিয়মিত ফ্লাইট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারণ করা হয়েছে। এ ফ্লাইট থেকে দুজন কেবিন ক্রুকে প্রত্যাহার করা হয়েছে। ভিআইপি নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
প্রত্যাহার হওয়া দুই কেবিন ক্রু হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিবেদনে ওই দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উল্লেখ করা হয়।
সূত্র আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ওই দুই কেবিন ক্রুর ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন এমন তথ্যও গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত ছিল। এসব কারণে ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তুলে ধরা হয়।
পরে ওই ফ্লাইটে বিকল্প হিসেবে জুনিয়র পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট সার্ভিস বিভাগ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এর আগেও চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সে সময়ও নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়।