জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে রেখে বিশ্বের ১৯টি দেশের অভিবাসন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিষেধাজ্ঞার ফলে এসব দেশের কেউই যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা নাগরিকত্বের জন্য আর আবেদন করতে পারবেন না।
এর আগে চলতি বছরের জুনে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সাম্প্রতিক নিরাপত্তা ঘটনায় তা পূর্ণ নিষেধাজ্ঞায় রূপ নিল। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক আফগান শরণার্থী। এতে একজন নিহত ও অন্যজন গুরুতর আহত হন। ঘটনাটির পরই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী গ্রহণ বন্ধের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।
মার্কিন সরকারের বিবৃতিতে বলা হয়, ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলাই এ নিষেধাজ্ঞার প্রধান কারণ।
যে ১৯ দেশের নাগরিকরা নিষেধাজ্ঞার আওতায়
আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।
এদিকে সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প সোমালিয়ার শরণার্থীদের তীব্র সমালোচনা করে মন্তব্য করেন। তিনি কংগ্রেস সদস্য ইলহান ওমরকে নিয়েও বিদ্রূপ করেন, যদিও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।