তারেক রহমানের জন্মদিনে গাজীপুরে সাত শতাধিক এতিম শিশুর জন্য বিশেষ খাবারের আয়োজন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে সাত শতাধিক এতিম শিশুকে বিশেষ খাবার খাওয়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু এ আয়োজন করেন।
এর আগে শ্রীপুরের মাওনা চৌরাস্তার বায়তুল আমান জামে মসজিদে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশ–জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা অংশ নেন।
মিলাদ–মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দলের সংকটকালে তারেক রহমানই বিএনপিকে ধরে রেখেছেন, আর এখন তিনিই দলের প্রাণশক্তি।