বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পর তীব্র সমালোচনার মুখে পড়েন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দীর্ঘদিন নীরব থাকার পর এবার সেই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নেন পরমব্রত। সেখানে ক্যারিয়ারের পাশাপাশি উঠে আসে তার ব্যক্তিজীবন প্রসঙ্গ। আলোচনায় আসে ‘বন্ধুর স্ত্রীকে বিয়ে’ সংক্রান্ত বিতর্কও।
পিয়া চক্রবর্তী ছিলেন সংগীতশিল্পী অনুপম রায়ের স্ত্রী এবং অনুপম ছিলেন পরমব্রতের বন্ধু। এ কারণে পরমব্রতের বিরুদ্ধে ‘বন্ধুর স্ত্রীকে বিয়ে’ এবং পরকীয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কটাক্ষ ও সমালোচনার মুখে পড়েন অভিনেতা।
পডকাস্টে পরমব্রত বলেন, বিয়ের পর সামাজিক মাধ্যমে তাকে ও পিয়াকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা তাকে হতবাক করেছিল। তিনি বলেন, বিয়ের সময় থেকেই তিনি মানসিকভাবে নিজেকে শক্ত করার চেষ্টা করেছেন। সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের মতামত প্রকাশ থেকে তিনি সচেতনভাবে দূরে থাকেন বলেও জানান অভিনেতা।
পরমব্রত আরও বলেন, বিয়ের পর কয়েক দিন এসব মন্তব্য তাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। মানুষের লেখা কিছু মন্তব্য তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তবে পরে তিনি উপলব্ধি করেন, এসবের বিরুদ্ধে তার কিছু করার নেই এবং তখন থেকেই নিজেকে মানসিকভাবে আরও দৃঢ় করে তোলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ে হয়। ২০২১ সালে তাদের বিচ্ছেদের পর পরমব্রতের সঙ্গে পিয়ার বন্ধুত্ব গড়ে ওঠে। দীর্ঘ গুঞ্জনের পর ২০২৩ সালের নভেম্বরে তারা আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এরপর অনুপম রায়ও গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে পুনরায় বিয়ে করেন। ধীরে ধীরে পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।












