দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে আজ রবিবার (৯ নভেম্বর) থেকে ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলে শাহবাগ অভিমুখে পদযাত্রার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পরে সন্ধ্যায় চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। এমন সময়ে ক্লাস বন্ধ থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
এর আগেও গত মে মাসে সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছিলেন, যা চারদিন পর সরকারের আশ্বাসে স্থগিত হয়।