ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাজধানীর পল্টন–প্রেসক্লাব সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বুধবার বেলা পৌনে একটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষকরা। কিছু দূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে তাঁরা সড়কে বসে অবস্থান নেন। এর ফলে পল্টন–প্রেসক্লাব সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
এর আগে গত জানুয়ারিতেও একই দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। আন্দোলনের মুখে ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কোনো প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়নি।
কিশোরগঞ্জের কটিয়াদির দশপাকিয়া থেকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক নাইমা আক্তার বলেন, “৪১ বছর ধরে আমরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছি। কিন্তু এখনো কোনো মাদ্রাসা জাতীয়করণ হয়নি। আড়াই মাস ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের ফাইল পড়ে আছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না।”
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আবারও সড়কে নামতে হয়েছে। সরকারের পক্ষ থেকে জানুয়ারি মাসে জাতীয়করণের আশ্বাস দেওয়া হলেও কোনো অগ্রগতি হয়নি।
তিনি বলেন, “২৮ জানুয়ারি কারিগরি বিভাগের যুগ্ম সচিব মাসুদুর রহমান সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলেন, সব ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। কিন্তু এতদিনেও কোনো পদক্ষেপ নেই। টালবাহানা চলছে।”
তিনি আরও জানান, জানুয়ারির ঘোষণার বাস্তবায়ন ও গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।